চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আগামীকাল মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে আম্পায়ারিং করার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি মাসুদুর রহমান মুকুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন লুবাবালো গকুমা এবং শন হেইগ।
জাহিদ বাসারাথ তৃতীয় আম্পায়ার এবং মাসুদুর রহমান মুকুল থাকবেন চতুর্থ আম্পায়ারের ভূমিকায়। এ ছাড়া ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে থাকছেন গ্রায়েম লা ব্রুই।
এর আগে ভারত ও আফগানিস্তানের দ্বিতীয় সেমিফাইনালেও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের মুকুল। যেখানে আফগানদের দেওয়া ৩১১ রানের জবাবে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। এদিকে, চলমান এই যুব বিশ্বকাপের চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন মাসুদুর রহমান মুকুল।
এ নিয়ে টানা ছয় ও সবমিলিয়ে দশমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ভারত। বিপরীতে ইংল্যান্ড এর আগে কেবল ১৯৯৭-৯৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।
এরপর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তারা এবার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামবে। একইভাবে ভারতীয় যুবারাও চাইবে এক আসর বিরতি দিয়ে আরেকবার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে।