কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জয়ী হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীকে হারিয়েছেন প্রায় ৭২ হাজার ভোটের ব্যবধানে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, আসনটির ১৫০টি কেন্দ্রে ফজলুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯৫৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রোকন রেজা পেয়েছেন ৫৭ হাজার ৩২৬ ভোট।
তিন উপজেলাতেই প্রত্যাশিত ফলাফল পেয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ। ইটনা উপজেলায় ফজলুর রহমান পেয়েছেন ৫৪ হাজার ২৮৯ ভোট আর রোকন রেজা পেয়েছেন ২০ হাজার ৯৩৯ ভোট। মিঠামইনে ফজলুর রহমান পেয়েছেন ২৬ হাজার ৭৫৬ ভোট আর রোকন রেজা পেয়েছেন ২২ হাজার ৪৫১ ভোট। অষ্টগ্রামে ফজলুর রহমান পেয়েছেন ৪৮ হাজার ৯০৯ ভোট আর রোকন রেজা পেয়েছেন ১৩ হাজার ৯৩৬ ভোট। তিন উপজেলায় ফজলুর রহমান প্রতিদ্বন্দ্বী রোকন রেজার চেয়ে ৭২ হাজার ৬২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
একাত্তরে যারা দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। নানা সময়ে মূল ধারার গণমাধ্যম এবং সোস্যাল মিডিয়ায় তাদের নিয়ে মন্তব্য করে তিনি আলোচনার জন্ম দিয়েছেন।