ইংরেজি ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারির আগমন মানেই বাঙালির হৃদয়ে জেগে ওঠে ভাষা আন্দোলনের চিরচেনা দ্রোহ ও গৌরবের স্মৃতি। ফেব্রুয়ারি বাঙালির কাছে কেবল একটি মাস নয়—এটি আত্মপরিচয়, শেকড় সন্ধান এবং আত্মত্যাগের ইতিহাসকে স্মরণ করার সময়।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাঙালি। রাজপথ কাঁপানো স্লোগান আর লাল রঙে রঞ্জিত মিছিলের মধ্য দিয়ে অর্জিত সেই বাংলা ভাষাই আজ বাংলাদেশের সবচেয়ে বড় অলংকার ও জাতীয় আত্মপরিচয়ের প্রতীক। স্লোগানে-মিছিলে তাজা রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের অলংকার-অহংকার।
৫২ থেকে ২৬। দীর্ঘ ৭৪ বছরে এমন রক্তমাখা ইতিহাস আর আত্মত্যাগ গোটা বাংলাকে করেছে গৌরাবান্বিত। তাইতো, ৫৬ হাজারের বর্গমাইল পেরিয়ে বাংলা ভাষা এখন বিশ্বের, বিশ্বের এবং বিশ্বের।
সমসাময়িকতার প্রসঙ্গে ভাষার বহমান যাত্রা নিয়ে প্রশ্ন থাকে অনেক। তবে, উত্তর একটাই- এসবই আমার ভাষা, আমার বাংলা ভাষা।
সময় অতিবাহিত হয়; গৌরবের ব্যাপ্তি-প্রসার বাড়তে থাকে ক্রমান্বয়ে। যেন হাজার বছর ধরে চলে গৌরবের রিলে রেস। চূড়ান্ত ধাপে জিতে যায় দেশ-মানুষ আর আমাদের বাংলা ভাষা।