গত শনিবার ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ফলে বার্সেলোনার সামনে সুযোগ আসে টেবিলের শীর্ষে ওঠার। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। গতকাল ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে পুনরায় লা লিগার টেবিলের শীর্ষস্থান দখল করেছে বার্সা।
এদিন, শুরু থেকেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্বাগতিকেরা। ম্যাচের চতুর্থ মিনিটেই বার্সাকে লিড এনে দেন ১৮ বছর বয়সী তরুণ প্রতিভা মার্ক বার্নাল। এরিক গার্সিয়ার নিচু ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। দ্রুত লিড নেয়ার পর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেন রাফিনিয়া ও রবার্ট লেওয়ানডস্কি, যদিও প্রথমদিকে সেগুলো কাজে লাগাতে পারেননি।
ম্যাচের ৩০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল পায় স্বাগতিকরা। লামিনে ইয়ামাল, বার্নাল ও ক্যানসেলোর দারুণ সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে ক্যানসেলোর ভাসানো ক্রসে ছয় গজ বক্সে ফ্রেঙ্কি ডি ইয়ং সহজেই বল জালে জড়ান। এটি ছিল ২০২৫ সালের জানুয়ারির পর ডি ইয়ংয়ের প্রথম গোল।
বিরতির পরও আক্রমণের ধার কমেনি বার্সেলোনার। লেভান্তের গোলরক্ষক ম্যাট রায়ান কয়েকটি সুযোগ ঠেকালেও শেষ দিকে আরেকটি গোল হজম করতে হয় তাদের। প্রায় ২৫ গজ দূর থেকে বাম পায়ের জোরালো শটে বল জালের উপরের কোণায় পাঠিয়ে দলের তৃতীয় গোল করেন ফার্মিন লোপেজ।
এর ফলে ২৫ ম্যাচে ২০তম জয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে মাত্র ১৮ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে রয়েছে লেভান্তে।

