জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
রিট আবেদনে কি কারণ দেখানো হয়েছে, তা জানা যায়নি। শুনানির বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি। ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ। ১৯৭২ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৯ বার অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন। ১৯৯৩ সালের ২৯ জুলাই সবশেষ এক ছাত্রকে বহিষ্কারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ হলে জাকসু ও হল সংসদ বাতিল করে প্রশাসন।
এর আগে গত ১ সেপ্টেম্বর এক রিট আবেদনের শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে সেদিনই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরবর্তীতে এ বিষয়ে শুনানির পর হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। ফলে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।
