সাময়িক বন্ধ থাকার পর আবারও মেট্রোরেল চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকার পর আবারও মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে ফের পুরোদমে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল।

গত রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। ওই দুর্ঘটনার পর সেদিন দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে ওইদিন বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। এরপর একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ রুটে মেট্রোরেল সেবা চালু হয়।

তবে মেরামত কাজের জন্য সোমবার (২৭ অক্টোবর) সকাল পর্যন্ত শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে সোমবার বেলা ১১টা থেকে আবারও উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

এদিকে বুধবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে মেট্রো যাত্রীদের সেবা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা ওই বিবৃতিতে বলা হয়, মেট্রোরেল নিরাপত্তা সংক্রান্ত সব বিধিবিধান অনুসরণ করে চলাচল করছে। কাজেই নিরাপত্তার ব্যাপারে সম্মানিত যাত্রীসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।