পশ্চিম মরুভূমিতে একটি নতুন প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে মিশর । শনিবার (৮ নভেম্বর) দেশটির পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, বদর-১৫ এলাকায় এই নতুন গ্যাসক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে, যার দৈনিক উৎপাদন ক্ষমতা ১ কোটি ৬০ লাখ ঘনফুট গ্যাস এবং ৭৫০ ব্যারেল কনডেনসেট। খবর আনাদোলু এজেন্সির।
মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ক্ষেত্র থেকে প্রায় ১৫ বিলিয়ন ঘনফুট গ্যাস মিশরের মজুতে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এই ফলাফল বিনিয়োগে উৎসাহমূলক পদক্ষেপের অংশ, যার মাধ্যমে ধীরে ধীরে উৎপাদন বৃদ্ধি এবং আমদানি কমানোই লক্ষ্য।
এর আগে শুক্রবার মিশরের পেট্রোলিয়াম মন্ত্রী করিম বাদাউই দেশটির সরকারি সংবাদ সংস্থাকে জানান, মন্ত্রণালয়টি আগামী পাঁচ বছরে গ্যাসের উৎপাদন প্রতিদিন ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৬ বিলিয়ন ঘনফুটে উন্নীত করতে চায়। আন্তর্জাতিক সংস্থাগুলোর বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে এটি সম্ভব হবে।
তিনি আরও জানান, ২০২৬ সালে ভূমধ্যসাগরে ১৪টি অনুসন্ধানমূলক কূপ খনন করা হবে, যার লক্ষ্য প্রায় ১২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত। মন্ত্রী আরও বলেন, ২০২১ সাল থেকে বিনিয়োগ কমার কারণে গ্যাসের উৎপাদন হ্রাস পেলেও, বিনিয়োগের পরিবেশ উন্নত করার প্রচেষ্টার ফলে সেই পতন থেমেছে এবং প্রবৃদ্ধি ফিরে এসেছে।

