সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (আজ) সকাল ৯টায় সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দপ্তরে কিছুক্ষণ অবস্থানের পর তিনি সচিবালয়ের কয়েকটি মন্ত্রণালয় ঘুরে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
এদিন সকালে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রমে বিশেষ জোর দেন সরকারপ্রধান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন।
এসময় সরকারের অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত ‘কৃষক কার্ড’ প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা যেন সহজেই সরকারি প্রণোদনা, সার ও বীজসহ অন্যান্য কৃষি উপকরণ পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে রোববার (২৯ মার্চ) সকাল থেকেই সচিবালয়ের সার্বিক কার্যক্রমে বাড়তি কর্মচাঞ্চল্য ও সতর্কতা লক্ষ্য করা গেছে।
এদিকে সচিবালয় সূত্র জানিয়েছে, মন্ত্রণালয় পরিদর্শন ও দাপ্তরিক কাজ শেষে দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুপুর নাগাদ তিনি সচিবালয় থেকে শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ ভবনের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।

