দক্ষিণী অভিনেতা ধানুশ তার আসন্ন ছবির নাম রেখেছেন ‘ইডলি কড়াই’। তিনি জানান যে, যখন তিনি ছোট ছিলেন তখন টাকা না থাকায় তাকে ইডলি কিনতে হলে ফুল বিক্রি করতে হত।
অনুষ্ঠানে ধানুশ জানান যে, তিনি ইডলি খুব পছন্দ করেন। ছোটবেলায় তিনি সবসময় ইডলি খেতে খুব আগ্রহী ছিলেন। কিন্তু তার পরিবারের পক্ষে তা খাওয়া সম্ভব ছিল না।
তিনি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন প্রতিদিন ইডলি খেতে খুব ইচ্ছা করত কিন্তু তা খাওয়ার সামর্থ্য ছিল না। তাই আমরা পাড়া থেকে প্রতিদিন ফুল সংগ্রহ করতাম, তা বিক্রি করে টাকা পেতাম। আমার বোন, তুতো ভাই-বোনেরা এবং আমি এই কাজের জন্য ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম এবং এতে প্রায় দুই ঘন্টা সময় লাগত।’
তার কথায়, ‘পরিশ্রমের দ্বারা অর্জিত অর্থের সাথে ইডলি খাওয়ার তৃপ্তির তুলনা হয় না। শৈশবে আমরা যে সুখ এবং স্বাদ পেতাম, আজ তা রেস্টুরেন্টে পাওয়া যায় না।’ আর শৈশবের এই স্মৃতির কারণেই তিনি তার ছবির নামকরণ করেছেন ‘ইডলি কড়াই’ যার অর্থ ইডলির দোকান।
তবে নেটিজেনদের অনেকেই ধানুশের কথা বিশ্বাস করতে পারছেন না। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তিনি ছোটবেলায় গরীব ছিলেন, তাই কন্তুরী রাজ্য পরিচালক হিসেবে তার পরিবারকে কখনও টাকা দেননি, এটা কি সত্য?’ আরেকজনের কথায়, ‘ধানুশ একজন পরিচালকের ছেলে, তার কাছে টাকা ছিল না, এটা মিথ্যা।’

