তেলুগু সুপারস্টার প্রভাসের জন্মদিনে এলো তার ভক্তদের জন্য বড় চমক। ২৩ অক্টোবর ৪৬ বছর পূর্ণ হওয়ার দিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রভাস। প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকারস জানিয়েছে, তাদের পরবর্তী সিনেমা ‘ফৌজি’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রভাস। পরিচালনায় থাকছেন ‘সিতা রামাম’ খ্যাত হনু রাঘবপুদি।
বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য সুখবর হলো- ‘ফৌজি’ হবে প্রভাসের প্রথম সিনেমা, যা মুক্তি পাবে বাংলা ভাষায়। তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালমের পাশাপাশি এবার বাংলা ডাব সংস্করণেও দেখা যাবে সিনেমাটি। এর আগে কেবল কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’ বাংলা ভাষায় মুক্তি পেয়েছিল।
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ১৯৪০-এর দশকের ভারতবর্ষকে ঘিরে, যখন দেশটি ছিল ব্রিটিশ শাসনের অধীনে। প্রভাসকে দেখা যাবে এক ব্রিটিশ ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে, যিনি একসময় অন্যায়ের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে যাবেন। সিনেমায় প্রভাসের বিপরীতে আছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইমানভি। আরও অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, জয়া প্রদা, অনুপম খের প্রমুখ। খুব শিগগিরই শুরু হবে ছবির শুটিং।
প্রভাসকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-তে। এরপর কিছুটা বিরতি নিয়ে তিনি কাজ শুরু করেন নতুন দুটি প্রজেক্টে—‘রাজা সাহেব’ ও ‘স্পিরিট’। ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাবে রাজা সাহেব, আর একই বছরেই পর্দায় আসবে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ‘স্পিরিট’।

