বলিউড বাদশাহ শাহরুখ খান তার ৬০তম জন্মদিন নিয়ে কম ব্যস্ত ছিলেন না। বলা যায় পুরো সপ্তাহজুড়েই নানান পরিকল্পনা ছিল তার। এবার জন্মদিন উদযাপনের পর আবার কাজে ফিরছেন শাহরুখ। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, আলিবাগের প্রাইভেট বাড়িতে ঘনিষ্ঠদের নিয়ে জন্মদিন পালন এবং মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ শেষে তিনি এবার প্রস্তুত নতুন উদ্যমে শুটিং সেটে ফিরতে। আগামী ৫ নভেম্বর থেকে অন্ধেরির যশরাজ স্টুডিওতে শুরু হবে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘কিং’-এর শুটিং।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাহরুখ খানকে তার মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। সিনেমাতে আরও আছেন অভিষেক বচ্চন। চলতি মাসের সালের জুনে শুরু হওয়া সিনেমাটির শুটিং ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এর অ্যাকশন ধারাবাহিকতা ও স্টান্ট পরিকল্পনা নিয়ে।
জানা গেছে স্টান্ট টিম টানা তিন সপ্তাহ ধরে মহড়া করেছে একটি ‘হাই-অকটেন’ চেজ ও কমব্যাট সিকোয়েন্সের জন্য যা বলিউড অ্যাকশনের নতুন মানদণ্ড তৈরি করতে পারে। আগামী ১৫–২০ দিনের শুটিং সূচি মূলত এই জটিল অ্যাকশন দৃশ্যকে ঘিরেই সাজানো হয়েছে। শাহরুখ খান নিজেই বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য করবেন বলে জানা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হবে বিশেষ কাস্টম-ডিজাইন রিগ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং সিনেমার ফাস্ট লুক প্রকাশ পায় শাহরুখের জন্মদিনে। এতে দেখা গেছে নতুন রূপে কিং খানকে। পুরো অ্যাকশন অবতারে অভিনেতাকে দেখা যায়। চলতি বছরের শেষ নাগাদ সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এরপর বাকি অ্যাকশন সিকোয়েন্স এবং গানগুলোর কাজ সম্পন্ন হবে।

