সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি সভায় যোগ দিতে শুক্রবার ( ২৭ মার্চ) ঢাকা ত্যাগ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল চৌধুরী। একই সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে আজ জেনেভায় পৌঁছাবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ইতোমধ্যেই জেনেভায় পৌঁছে সভায় অংশগ্রহণ শুরু করেছেন, যাদের মধ্যে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, যুগ্ম সচিব মো. আবদুছ সামাদ আল আজাদ এবং উপসচিব ইসরাত জাহান কেয়া।
শুক্রবার (২৭ মার্চ) সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মন্ত্রী ঢাকা ত্যাগ করেন।
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে তার জেনেভা পৌঁছানোর কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও উপদেষ্টা আইএলওর মূল অধিবেশন ছাড়াও বিভিন্ন দেশের শ্রমমন্ত্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দ্বি-পক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
এ সভায় বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হবে। আগামী ৪ এপ্রিল প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

