দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রেহান আসাদ।
গতকাল ২ মার্চ সোমবার সেখানে পরিদর্শনকালে তিনি সাম্প্রতিক ঘটনাবলি ও উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের কল্যাণ ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় তিনি সকল পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকার বিষয়ে সরকারের প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন। পাশাপাশি তিনি আমিরাতে বসবাসরত বাংলাদেশীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকরণের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময়কালে প্রবাসী কর্মীরা ভিসা জটিলতা, প্রবাসী ঋণ প্রাপ্তি এবং রেমিট্যান্স প্রেরণে বিদ্যমান প্রতিবন্ধকতাসহ তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এসময় মাননীয় উপদেষ্টা আন্তরিকতার সঙ্গে প্রবাসীদের বক্তব্য শোনেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রবাসীবান্ধব অঙ্গীকার অনুযায়ী প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
পরিদর্শনকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান ও কনস্যুলেট-এর কাউন্সেলর (শ্রম) মোঃ আব্দুস সালাম সহ ফারনেক-এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

