তিন দফা দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দেখা গেছে।
বুধবার (২৭আগস্ট) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে যমুনা অভিমুখে রওনা দেন তারা।
ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে যমুনা নিউজের প্রতিবেদক জানিয়েছেন, শাহবাগ অবরোধের একপর্যায়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে রওনা দেন শিক্ষার্থীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পৌঁছলে তাদের বাধা দেয় পুলিশ। ধাওয়া- পাল্টা ধাওয়া চলে।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে জলকামান ব্যবহার করা হয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) একই দাবিতে শাহবাগে পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে তারা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ত্যাগ করেন।

