আজ বাংলাদেশ সময় ভোরে, চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারের ম্যাচে আটালান্টার মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এদিন, আটালান্টাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে হাভিয়ের মাশচেরানোর শিষ্যরা।
আর এ জয়ের মূল কারিগর ছিলেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি, যিনি একাই দুটি গোল করেছেন। এছাড়া, এলএমটেনের সঙ্গে স্কোরশিটে নাম লেখান, সতীর্থ জর্দি আলবা এবং লুইস সুয়ারেজ। এতে, ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে ফ্লোরিডার ক্লাবটি।
এদিকে, একদিন আগেই ফিফার অক্টোবর উইন্ডোর প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে সে ম্যাচে মেসি মাঠে না নেমে, ছিলেন গ্যালারিতে। কারণ, গত ২১ দিনে ইন্টার মায়ামির হয়ে ৬টি ম্যাচ খেলায় আর্জেন্টাইন তারকাকে বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি।
এছাড়া, এ ম্যাচের ঠিক একদিন পরই মেজর লিগ সকার-এমএলএস’র ম্যাচ থাকায় মেসিও প্রীতি ম্যাচে মাঠে নামার সিদ্ধান্ত নেননি। পরে ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে জোড়া গোল করে দলকে এক দুর্দান্ত জয় এনে দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। এ অবিশ্বাস্য পারফরম্যান্স আবারও প্রমাণ করলো কেন মেসি বিশ্বসেরা!
অন্যদিকে, ম্যাচে মায়ামির হয়ে দুইটি গোল করায় মেসির মৌসুমের গোলসংখ্যা দাঁড়ালো ২৬-এ, যা লস অ্যাঞ্জেলস এফসির ডেনিস বুয়াঙ্গার চেয়ে দুই গোল বেশি। এটি মেসিকে শেষ ম্যাচে গোল্ডেন বুট দৌড়েও এগিয়ে রাখছে। আগামী ১৯ অক্টোবর ন্যাশভিল এসসি’র বিপক্ষে ম্যাচের দিনই মায়ামি তারকার গোল্ডেন বুট জয়ের ভাগ্য নির্ধারিত হবে।

