দেশব্যাপী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী ও অনন্য কুরআন প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট, সিজন ২ এর গ্র্যান্ড ফিনালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
T.K. গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো: আল-আমিন হামজা। গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন T.K. গ্রুপের বিজনেস ডিরেক্টর মোফাচ্ছেল হক। এছাড়াও T.K. গ্রুপের বিভিন্ন ইউনিটের হেড অফ বিজনেস এবং হেড অফ সেলসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশের তরুণ প্রজন্মের মাঝে এবং বিশ্বজুড়ে পবিত্র আল-কুরআনের বাণী ছড়িয়ে দিতে T.K. গ্রুপের উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট, সিজন ২। গত ২২ ডিসেম্বর ২০২৫ থেকে দেশব্যাপী অডিশনের মাধ্যমে শুরু হয় এই প্রতিযোগিতার যাত্রা।
দেশের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে অংশ নেওয়া অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে ৩০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় মূল পর্ব। প্রতিযোগিতার পুরো আয়োজন জুড়ে ছিলো ৭টি রাউন্ড এবং মোট ২৭টি এপিসোড, যেখানে স্কুল ও মাদ্রাসার ছেলে ও মেয়ে প্রতিযোগীরা একই মঞ্চে তিলাওয়াত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছে।
মহতী এই আয়োজনের মূল পৃষ্ঠপোষকতায় ছিলো T.K. গ্রুপ। এছাড়াও এই আয়োজনকে সফল করতে সহযোগী হিসেবে ছিল T.K. গ্রুপের বিভিন্ন ব্র্যান্ড-পুষ্টি হ্যাপি টাইম, পুষ্টি গ্লোরি, পুষ্টি প্লাস, ঈগল ঢেউটিন, Regina বিউটি সোপ, ফ্রুটিয়ানা, সুপার কোলা এবং ফিলআপ।
প্রতিযোগিতায় তিলাওয়াত মূল্যায়নের জন্য ছিলেন বিজ্ঞ বিচারক প্যানেল। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল কুরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন (IQRA) এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কুরআনিক সাইন্স অ্যান্ড ফনেটিক্স, বাংলাদেশ এর প্রধান ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন হাফেজ মাওলানা আবদুল কাদের রহমানী, খতিব, দার-আল-কারারা, মার্বেল দি কারারা এবং ক্বারী বাসিরুদ্দিন, প্রধান, কিরাত বিভাগ, মা’হাদুল কিরাত বাংলাদেশ।
প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়ন পেয়েছেন নগদ ৩ লক্ষ টাকা, ফার্স্ট রানার আপ পেয়েছেন ২ লক্ষ টাকা, সেকেন্ড রানার আপ পেয়েছেন ১ লক্ষ টাকা। শুধু তাই নয়, এর পাশাপাশি বিজয়ীরা পেয়েছেন ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ এবং T.K. গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো: আল-আমিন হামজা। ফার্স্ট রানার আপ হয়েছেন তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী রেদোয়ান ইবনে তাহের এবং সেকেন্ড রানার আপ হয়েছেন মাদ্রাসায়ে আবু হুরায়রা (রা.) তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী তাজ উদ্দিন।
এই আয়োজনের মাধ্যমে কুরআনের তিলাওয়াতকে কেন্দ্র করে নতুন প্রজন্মের প্রতিভা তুলে ধরার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুষ্টি ভার্সেস অফ লাইট যা ভবিষ্যতেও তরুণদের অনুপ্রাণিত করে যাবে।

