সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকেই নির্বাচন করার কথা জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৯ নভেম্বর) কুমিল্লা-৩ আসনের বদলে ঢাকা-১০ আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। উপদেষ্টা আসিফ বলেন, নির্বাচন করব নিশ্চিত। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে।
কোনো দলে যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো দলে যোগ দেবো কি না, তা নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি এখনো।
ধানমন্ডি এলাকার ভোটার হওয়া নিয়ে উপদেষ্টা আসিফ বলেন, দুইবার যেহেতু ভোট দিতে পারিনি, আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা। সে কারণেই ঢাকা-১০ এর ভোটার হওয়া।
তিনি আরও বলেন, ‘সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করব।’ তবে কবে নাগাদ পদত্যাগ করবেন, সেটা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলেও জানান এ উপদেষ্টা।
উল্লেখ্য, এখন পর্যন্ত বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াত এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করেছে।

