স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমজুড়েই দুর্দান্ত ছন্দে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। যার স্বীকৃতিস্বরুপ ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে।
গতকাল, সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী ফরাসি তারকার হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়। যেখানে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস, কোচ জাবি আলোনসোসহ দলের সব খেলোয়াড় উপস্থিত ছিলেন।
মূলত, ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে এ পুরস্কার দিয়ে থাকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। রিয়ালের হয়ে ২০২৪-২৫ মৌসুমে লা লিগায় ৩১ গোল করায় এবার ইউরোপিয়ান গোল্ডেন বুটটি নিজের করে নেন এ ফরোয়ার্ড।
আর এ পুরস্কারের জন্য বিজয়ী নির্ধারণ করা হয় পয়েন্টের ভিত্তিতে। সেখানে ৬২ পয়েন্ট পেয়ে সবার উপরে থেকে ইউরোপিয়ান গোল্ডেন বুটের মালিক বনে যান কিলিয়ান এমবাপ্পে। আর ৫৮ দশমিক ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হন গত মৌসুমে স্পোর্তিং সিপির হয়ে খেলা ভিক্তর ইয়োকেরেস। অন্যদিকে, ৫৮ পয়েন্ট পেয়ে হন তৃতীয় হন লিভারপুলের মোহাম্মদ সালাহ।
রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে এ পুরস্কার জিতলেন এমবাপ্পে। এর আগে, সবশেষ ২০১৪-১৫ মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা ক্যারিয়ারে এ স্বীকৃতি পেয়েছেন মোট চারবার। রেকর্ড ছয়বার পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
এদিকে, চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১১ গোল করে লা লিগার সর্বোচ্চ স্কোরার এমবাপ্পে। ৬টির বেশি গোল নেই আর কারও। তার দলও আছে লিগ টেবিলের চূড়ায়। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচের ১২টি জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

