বিশ্ব ফুটবলের র্যাঙ্কিংয়ে দীর্ঘ সময় ধরে শীর্ষস্থানে থাকার পর গত সেপ্টেম্বরে এক ধাক্কায় তিনে নেমে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এক মাসের ব্যবধানেই উন্নতি হয়েছে লিওনেল স্কালোনিদের। অন্যদিকে, লাতিনের আরেক পরাশক্তি ব্রাজিলের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে।
গতকাল, ছেলেদের ফুটবলের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। যেখানে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এতে ২ পয়েন্ট বেড়ে তাদের বর্তমান রেটিং পয়েন্ট এখন ১ হাজার ৮শ’ ৭২।
এদিকে, ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার উন্নতি হলেও অবনতি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। সেলেসাওরা আরও এক ধাপ পিছিয়ে এখন সাত নম্বরে অবস্থান করছে। ফলে তাদের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭শ’ ৫৯।
এছাড়া, ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ১৮৪ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে, র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও পয়েন্ট কমেছে বাংলাদেশের। লাল-সবুজ জার্সিধারীদের আগে পয়েন্ট ছিল ৮শ’ ৯৯ দশমিক ২৪, বর্তমানে যা কমে দাঁড়িয়েছে ৮শ’ ৯৪ দশমিক ৪।
অন্যদিকে, ফিফা র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আগের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১ হাজার ৮শ’ ৮১। কিন্তু, এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ফ্রান্স, তাদের রেটিং পয়েন্ট ১ হাজার ৮শ’ ৬৩। আগের মতোই যথাক্রমে চার ও পাঁচ নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড ও পর্তুগাল।
তাছাড়া, শীর্ষ দশে আরও পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে নেদারল্যান্ডস, তাদের রেটিং পয়েন্ট ১ হাজার ৭শ’ ৬০। বেলজিয়াম ১ হাজার ৭শ’ ৪০ পয়েন্ট নিয়ে আগের মতোই আট নম্বরে অবস্থান করছে।
তবে উন্নতি করেছে ইতালি ও জার্মানি। এক ধাপ এগিয়ে আজ্জুরিরা এখন ৯ নম্বরে । অন্যদিকে, দুই ধাপ এগিয়ে জার্মানি পুনরায় শীর্ষ দশে ফিরেছে। ১ হাজার ৭শ’ ১৩ রেটিং পয়েন্ট নিয়ে দলটি এখন দশ নম্বরে অবস্থান করছে।

