চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শতভাগ জয়ের ধারা বজায় রেখেছে স্প্যানিশ জায়ান্টরা। এরই ধারাবাহিকতায় জুড বেলিংহামের ঝলকে ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসকে ১-০ গোলে হারিয়েছে জাভি আলোনসোর শিষ্যরা।
বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে য়্যুভেন্তাসের বিপক্ষে মাঠে নেমে জয় তুলে নেয় স্প্যানিশ ক্লাবটি। তবে ম্যাচজুড়ে প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি মাদ্রিদকে। প্রথমার্ধজুড়ে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ব্রাহিম দিয়াজ, অরেলিয়েন চুঁয়োমেনি ও আর্দা গুলেরের শটগুলো দারুণভাবে ঠেকিয়ে দেন য়্যুভেন্তাস গোলরক্ষক মিকেলে দি গ্রেগরিও। প্রথমার্ধের শেষদিকে কিলিয়ান এমবাপ্পের শক্তিশালী শটও রুখে দেন এই ইতালিয়ান কিপার।
একের পর এক আক্রমণ চালিয়েও কোনো গোল না পাওয়ায় আক্ষেপ বাড়তে থাকে মাদ্রিদ সমর্থকদের। অবশেষে ৫৭তম মিনিটে আসে রিয়ালের কাঙ্ক্ষিত গোল। কয়েকজনকে কাটিয়ে বাঁ-প্রান্ত থেকে আড়াআড়ি শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে, বারপোস্টে লেগে বল বেলিংহামের সামনে চলে আসলে জাল খুঁজে নেন তিনি। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে খরা কাটিয়ে প্রথমবার গোলের দেখা পেয়েছেন এ ইংলিশ তারকা।
এরপর দু’দলই আরো বেশ কয়েকবার আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি। এতেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে ২০২৫-২৬ মৌসুমে নিজেদের প্রথম তিন ম্যাচেই পূর্ণ পয়েন্ট সংগ্রহ করেছে লস ব্লাঙ্কোসরা। বিপরীতে এবারের চ্যাম্পিয়নস লিগে জয়হীনই থাকল য়্যুভেন্তাস।
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন পাঁচ নম্বরে। আর ৩৬ দলের পয়েন্ট তালিকায় য়্যুভেন্তাস এখন ২ পয়েন্ট নিয়ে ২৫-এ।

