গেল ঈদে বড় বাজেটের দেশীয় সিনেমায় শরিফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হয় তাসনিয়া ফারিণের। সঞ্জয় সমদ্দার পরিচালিত সেই ছবিতে অ্যাকশন ঘরানার চরিত্রে দেখা যায় তাঁকে।
অভিনয়ে আত্মপ্রকাশের পর থেকেই এই অভিনেত্রীকে নিয়ে কৌতূহল তৈরি হয় দর্শকের মনে। সেই আগ্রহ আরও বেড়ে যায় যখন গুঞ্জন ওঠে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে তাঁকে অভিনয় করতে দেখা যাবে নতুন ছবি ‘প্রিন্স’-এ। যদিও ‘প্রিন্স’ টিম এ বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিল, তবে এবার নিশ্চিত খবর এসেছে– এই ছবির নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণই চূড়ান্ত হয়েছেন।
সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই ফারিণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হবে। এরই মধ্যেই তাঁর সঙ্গে সব ধরণের কথাবার্তা শেষ হয়েছে।
নাটকের পরিচালক আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে ছবিটির গল্প এগোবে, যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশনের মিশেল। গল্পটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্যে কাজ করেছেন তিনি নিজে এবং মোহাম্মদ নাজিম উদ্দিন।
এর আগে খবর ছড়ায় সিনেমাটিতে নায়িকা হিসেবে থাকছেন কলকাতার ইধিকা পাল। এমনকি জানা গিয়েছিল, তিনি নাকি সিনেমাটির জন্য আকাশচুম্বী পারিশ্রমিক দাবি করেছেন। সেই পারিশ্রমিকে প্রিন্স প্রযোজনা প্রতিষ্ঠান ইধিকাকে চূড়ান্ত করার সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে। তাই শেষ পর্যন্ত আলোচনায় নতুন মোড় তৈরি হয়েছে। ইধিকার পরিবর্তে এই ছবিতে মূল নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়েছে।
পরিচালক সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ‘প্রিন্স’-এর শুটিং শুরু হবে। আগামী ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে ছবিটি নির্মাণের প্রস্তুতি চলছে জোরেশোরে। বাজেট, লোকেশন ও টেকনিক্যাল টিম– সবই প্রায় চূড়ান্ত।

