মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইন্টার মায়ামি। অরল্যান্ডো সিটির বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪–২ ব্যবধানে জয় তুলে নিয়েছে দলটি। দলের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
স্থানীয় সময় রোববার রাতে ইন্টারঅ্যান্ডকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অরল্যান্ডো সিটিকে হারিয়ে মৌসুমের প্রথম জয় পায় মায়ামি। গত সপ্তাহে আসরের প্রথম ম্যাচে হারের পর এ জয়ে স্বস্তিতে ফিরল তারা।
এদিন, ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামিকে চাপে ফেলে অরল্যান্ডো সিটি। ১৮ মিনিটে ক্রোয়েশিয়ান উইঙ্গার মার্কো পাসালিচ গোল করে অরল্যান্ডোকে এগিয়ে দেন। মিডফিল্ডে মায়ামির ফুটবলাররা বল হারালে ইভান আঙ্গুলোর ক্রস থেকে নিচু শটে জালে বল পাঠান তিনি। এর ৬ মিনিট পরেই মার্টিন ওজেডা ব্যবধান দ্বিগুণ করলে বিপদ আরও বাড়ে মায়ামির। প্রথমার্ধ শেষে ২–০ ব্যবধানে এগিয়ে ছিল অরল্যান্ডো।
তবে বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। ৪৯তম মিনিটে বক্সের বাইরে থেকে ২০ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ সিলভেত্তির অসাধারণ এক শটে ব্যবধান কমায় মায়ামি। এরপর ৫৭তম মিনিটে ডি-বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে সমতা ফেরান মেসি।
এদিকে, ম্যাচের শেষ দিকে পুরো নিয়ন্ত্রণ নেয় মায়ামি। ৮৫তম মিনিটে মেসির সহায়তায় তেলাস্কো সেগোভিয়া গোল করে দলকে ৩–২ ব্যবধানে এগিয়ে দেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিচু ফ্রি-কিকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মেসি। শেষ পর্যন্ত ৪–২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। আগামী শনিবার ওয়াশিংটনের অডি ফিল্ডে ডিসি ইউনাইটেডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে মায়ামি।

