ইতিহাস সৃষ্টির আহ্বান জানালেন মামদানি

ইতিহাস সৃষ্টির আহ্বান জানালেন মামদানি

নতুন মেয়র বেছে নেয়ার দোরগোড়ায় নিউইয়র্ক সিটি। সর্বশেষ জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই মহানগরে রেকর্ডসংখ্যক ভোটার আগাম ভোট দিয়েছেন। নিউইয়র্ক সিটি ইলেকশন বোর্ডের তথ্য অনুযায়ী, ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি ব্যালট ইতোমধ্যে জমা পড়েছে।

বহুল আলোচিত এই নির্বাচন দেশের জাতীয় গণমাধ্যমেও শিরোনামে রয়েছে। কারণ, মামদানি জয়ী হলে তিনি হবেন শহরটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র, পাশাপাশি প্রথম সরাসরি ‘ডেমোক্রেটিক সোশ্যালিস্ট’ নেতা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মামদানি নিউইয়র্কের অন্যতম ব্যয়বহুল জীবনযাত্রার সঙ্গে লড়তে ‘সাশ্রয়ী শহর’ গড়ার অঙ্গীকার করেছেন। তার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে-রেন্ট-স্ট্যাবিলাইজড বাড়ির ভাড়া স্থির রাখা,বিনা খরচে শিশু যত্নসেবা,শহরজুড়ে ফ্রি বাস সার্ভিস,সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে সিটি-রান গ্রোসারি স্টোর।

তিনি বলেন, করপোরেট ট্যাক্স হার ১১.৫ শতাংশে উন্নীত করা-যা প্রতিবেশী নিউ জার্সির সমান-এবং বছরে ১০ লাখ ডলারের বেশি আয়কারীদের আয়ে অতিরিক্ত ২ শতাংশ কর আরোপের মাধ্যমেই এসব ব্যয় মেটানো সম্ভব।

মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো, যিনি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে পরাজিত হয়ে স্বাধীন প্রার্থী হিসেবে লড়ছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি নিজেকে শহর পরিচালনার জন্য সবচেয়ে যোগ্য হিসেবে তুলে ধরছেন। তবে তার অতীত বিতর্ক-বিশেষত যৌন হয়রানি ও প্রতিশোধমূলক আচরণের অভিযোগ-এখনও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এসব অভিযোগকে ‘বিশ্বাসযোগ্য’ বলে মন্তব্য করেছিল।

এদিকে, কুয়োমো পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন। ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে হুমকি দিয়েছেন, তিনি জয়ী হলে নিউইয়র্কের ফেডারেল তহবিল আটকে দেয়া হবে।

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তবে তা নির্বাচনের ফলকে কতটা প্রভাবিত করবে-তা এখনো অনিশ্চিত।

আগাম জরিপে মামদানির জয়জয়কার। রিয়েল ক্লিয়ার পলিটিকসের জরিপসমষ্টি অনুযায়ী মামদানি গড়ে ১৪.৩ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। তাদের হিসাব-মামদানি: ৪৬.১ শতাংশ কুয়োমো: ৩১.৮ শতাংশ, স্লিওয়া ১৬.৩ শতাংশ।

তবে জরিপে পার্থক্যও রয়েছে। অ্যাটলাস ইন্টেলের সাম্প্রতিক সমীক্ষায় ব্যবধান মাত্র ৫ শতাংশ। আবার দ্য হিল/এমারসন কলেজের জরিপে মামদানির সমর্থন ৫০ শতাংশ-যা কুয়োমোর দ্বিগুণ।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৬টা (ইস্টার্ন টাইম) থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং রাত ৯টা পর্যন্ত চলবে। ওই সময়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা সবাই ভোট দিতে পারবেন। নিউইয়র্কাররা এখন অপেক্ষায়-ইতিহাস কি নতুন মোড় নেবে?