ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী বুধবার ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।
নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর বিশ্বাস, যেকোনো আলোচনায় অবশ্যই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর সীমাবদ্ধতা আরোপ এবং ইরানি মিত্রদের প্রতি সমর্থন বন্ধের বিষয়গুলো প্রস্তাবনায় অন্তর্ভুক্ত থাকতে হবে।’
এর আগে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনার পর গত শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক কূটনৈতিক আলোচনা আবার শুরু হয়। ওই উত্তেজনা আরও বেড়ে গিয়েছিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেন।
প্রথম দফা আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একে “একটি ভালো শুরু” হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘পারস্পরিক অবিশ্বাসের পরিবেশ কাটিয়ে উঠতে পারলে আলোচনা এগিয়ে নেয়া সম্ভব।’ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে এবং পরবর্তী পর্যায়ে ওমানের মাসকাটে আবার বৈঠকে বসার কথা জানান তিনি।
তবে আরাগচি স্পষ্ট করে জানান, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন বা ভবিষ্যতে কোনোভাবেই আলোচনার বিষয় নয়। তিনি একে ইরানের জন্য একটি “প্রতিরক্ষামূলক বিষয়” হিসেবে উল্লেখ করেন।