অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়া দলটি এবার কাটাতে চেয়েছিল দীর্ঘ ১৮ বছরের শিরোপা-খরা। পুরো আসরে দারুণ খেলে টানা ছয় ম্যাচ জিতে ফাইনালের টিকিটও কেটেছিল তারা। তবে, লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়লো মরক্কো। তাও আবার মেসিভক্ত এক ফুটবলারের জোড়া গোলেই স্বপ্ন ভাঙল মেসির উত্তরসূরীদের।
সোমবার, চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী এ ম্যাচে বল পজিশন ও আক্রমণে দাপট ছিল আর্জেন্টিনারই। তবে ম্যাচের শুরুতেই চমক দেখায় মরক্কো। ম্যাচের ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন উইঙ্গার ইয়াসির জাবিরি।
এরপর ২৯তম মিনিটে লিওনেল মেসির বড় ভক্ত জাবিরির গোলে ব্যবধান দ্বিগুণ করে আফ্রিকার দলটি। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে বেশ কয়েকটি আক্রমণের পরও মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে পারেনি আলবিসেলেস্তেরা।
শেষপর্যন্ত ইয়াসির জাবিরি, ওথমান মাম্মা, জেসিম ইয়াসিনদের হাত ধরেই ২-০ গোলে প্রথম যুব বিশ্বকাপের শিরোপা জিতে মরক্কো। এর আগে ২০০৫ সালের আসরে রানার্স-আপ হওয়া ছিল তাদের সেরা সাফল্য। প্রায় দুই দশক পর এবার নতুন ইতিহাস লিখল আফ্রিকার দেশটি।
ফাইনালে জোড়া গোলসহ টুর্নামেন্টে মোট ৫ গোল করে ‘সিলভার বল’ জেতেন ইয়াসির জাবিরি। এছাড়া টুর্নামেন্টজুড়ে অসাধারণ ফুটবলের প্রদর্শনীতে মরক্কোর ওথমান মাম্মা নিজের করে নেন সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’। অন্যদিকে, ফাইনালের আগপর্যন্ত কোনো গোল হজম না করা আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বার্বি জিতে নেন ‘গোল্ডেন গ্লাভস’।

