সৌদি প্রো লিগে আল হাজেমের বিপক্ষে জোড়া গোল করে আবারও ক্যারিয়ারের নতুন উচ্চতায় পৌঁছালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল, রিয়াদের আল-আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল হাজেমকে ৪–০ ব্যবধানে হারিয়ে টানা দশম জয় তুলে নেয় আল নাসর। একইসঙ্গে হাজার গোলের মাইলফলকের দ্বারপ্রান্তে সিআরসেভেন।
এদিন, ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় রোনালদোকে। খেলা শুরুর মাত্র ২০ সেকেন্ডের মাথায় প্রথম সুযোগ তৈরি করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই কিংসলি কোমানের নিখুঁত পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা-যা ছিল তার ক্যারিয়ারের ৯শ’ ৬৪তম গোল।
এরপর, জোয়াওয়ের দারুণ ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কোমান। এর মধ্যে রোনালদো আরেকটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। এরপর, দ্বিতীয়ার্ধে নেমেও আল নাসর দাপট দেখাতে শুরু করে। অ্যাঞ্জেলো নিজের একক প্রচেষ্টায় দলের হয়ে তৃতীয় গোলটি করেন।
ম্যাচের শেষ দিকে আবারও বাঁ পায়ের শটে গোল করে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন রোনালদো। এর মধ্য দিয়ে ৯শ’ ৬৫ গোলের মাইলফলকে পৌঁছে হাজার গোলের স্বপ্নের আরও কাছে চলে গেলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এ ফরোয়ার্ড।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে আল নাসর। রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্স সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়ে নতুন উত্তেজনা যোগ করেছে এবং আল নাসরের জার্সিতে তার ট্রফি জয়ের আশা আরও জোরালো করেছে।

