উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোটার আগেই কেন্দ্রমুখী হন ভোটাররা। শীতের সকাল উপেক্ষা করে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে বিভিন্ন কেন্দ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। কোথাও প্রথমবার ভোট দিতে আসা তরুণদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ভোটারদের মধ্যে আস্থা জুগিয়েছে। কেন্দ্রের বাইরে ছিল ছোটখাটো ভিড়, তবে ভেতরে ছিল শান্ত পরিবেশ। সবমিলিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় সুশৃঙ্খল প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলছে। ভোট দিতে এসে অনেকেই জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা— উন্নয়ন, নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও মৌলিক নাগরিক সেবার দাবি ছিল সবচেয়ে বেশি।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ১ হাজার ৯৬৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রামের কোথাও উল্লেখ করার মতো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। সরেজমিনে, চট্টগ্রাম-৮, ৯, ১০ ও ১১ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের দীর্ঘ সারি। কোথাও কোথাও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।