ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আটক বেলাল উদ্দিনের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া। তার বাবার নাম দবিরুল ইসলাম। আটক জামায়াত নেতা জেলার সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন।
আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে বেলাল স্বীকার করেছে, তার ল্যাগেজে পঞ্চাশ লাখের বেশি প্রায় ৬০ লাখ টাকা রয়েছে। এসব টাকা তিনি ব্যবসার কাজের জন্য নিয়ে যাচ্ছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কিসের ব্যবসা করেন? তখন বেলাল উদ্দিন জানিয়েছেন, তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত।
আটক জামায়াত নেতার এসব বক্তব্য যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইসঙ্গে ভোটের মাঠে এসব কালো টাকা ছড়ানো হচ্ছিলো কি-না তাও যাচাই-বাছাই চলছে।