ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর দেশে একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার জনগণ প্রকৃত অর্থেই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এবং এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই।
তিনি বলেন, বর্তমানে যে সরকার দায়িত্বে আছে, তারা একটি নিরপেক্ষ সরকার। এই সরকার চায় একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তারাই সরকার গঠন করবেন এটাই তাদের উদ্দেশ্য।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ী বউচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে এবং সবাই ভোটাধিকার প্রয়োগ করলে এবারের নির্বাচন হবে একটি ঐতিহাসিক ও গ্রহণযোগ্য নির্বাচন।
জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব বলেন, টেলিভিশন, অনলাইন ও পত্রিকায় জামায়াতের নেতারা এখন অনেক কথা বলছেন কিন্তু তাদের আগে জিজ্ঞাসা করা উচিত দেশের স্বাধীনতার সময় তাদের ভূমিকা কী ছিল। ১৯৭১ সালে আপনারা কোথায় ছিলেন? কাদের পক্ষে কাজ করেছিলেন? একাত্তরে জামায়াতে ইসলাম পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছিল। তারা পাকিস্তান বাহিনীর পক্ষ নিয়ে আমাদের স্বাধীনতা রোধ করার চেষ্টা করেছিল।
মির্জা ফখরুল বলেন, আমরা যেমন ২৪-কে ভুলব না কারণ সেই সময় আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেয়েছি, ঠিক তেমনি ১৯৭১ সালকেও ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করেছি।