ভারতীয় সিনেমার পরিচিত মুখ তামান্না ভাটিয়া মনে করেন, অভিনয় জগতে নিয়মিত উচ্চ আয় থাকলেও সঠিক পরিকল্পনার অভাবে একসময় আর্থিক সংকটে পড়তে পারেন শিল্পীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাইরে থেকে চলচ্চিত্র জগতকে যতটা স্থিতিশীল মনে হয়, বাস্তবে তা অনেক বেশি অনিশ্চিত।
মাত্র ১৫ বছর বয়সে অভিনয় শুরু করা তামান্না দুই দশকের বেশি সময় ধরে বড় বাজেটের সিনেমা, বিজ্ঞাপন ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে কাজ করছেন। আর্থিকভাবে সফল হলেও তিনি সতর্ক করে বলেন, ‘শিল্পীরা অনেক টাকা উপার্জন করেন, কিন্তু সময়মতো সঞ্চয় বা বিনিয়োগ না করলে একসময় হাতে তেমন কিছুই থাকে না।’
ক্যারিয়ারের শুরুতে তামান্নার আর্থিক বিষয়গুলো দেখভাল করতেন তার বাবা। ছোট বয়সে উপার্জনের জগতে প্রবেশ করলে পরিবারের দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, সঠিক পরিকল্পনাই তাঁকে স্থিতিশীলতা দিয়েছে। বর্তমানে তাঁর বিনিয়োগ রয়েছে রিয়েল এস্টেট, গয়নার ব্যবসা ও অন্যান্য খাতে। সম্প্রতি নিজস্ব ফাইন জুয়েলারি ব্র্যান্ডও চালু করেছেন তিনি।
ভারতীয় চলচ্চিত্রে আর্থিক সংকটের উদাহরণ টেনে তামান্না বলেন, খ্যাতি স্থায়ী নয়। নব্বইয়ের দশকে আমিতাভ বচ্চন ব্যবসায়িক লোকসানে দেউলিয়ার মুখে পড়েছিলেন। একইভাবে জ্যাকি শ্রফ-এরও আর্থিক সমস্যার কথা শোনা গেছে।
তামান্নার মতে, শুধু উপার্জন নয়—সচেতন সঞ্চয় ও পরিকল্পিত বিনিয়োগই দীর্ঘমেয়াদি নিরাপত্তার চাবিকাঠি।
