চীনের পূর্বাঞ্চলে আতশবাজির একটি দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে এই বিস্ফোরণের পরপরই স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে।
সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে জানানো হয়, পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ডংহাই কাউন্টির একটি গ্রামের আতশবাজির দোকানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কয়েকজন ব্যক্তি অনিরাপদভাবে আতশবাজি ব্যবহার করছিলেন। এর জেরে রোববার দুপুর আড়াইটার দিকে দোকানটিতে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে এবং বিকেল ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
নতুন বছর উদ্যাপনকে ঘিরে চীনের গ্রামীণ এলাকায় আতশবাজি ব্যবহারের প্রবণতা বেড়েছে। তবে সাম্প্রতিক সময়ে আতশবাজি ও শিল্পকারখানায় বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
এর আগে চলতি মাসেই উত্তরাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি বায়োটেক কারখানায় বিস্ফোরণে আটজন নিহত হন। পাশাপাশি জানুয়ারির শেষ দিকে একটি স্টিল কারখানায় বিস্ফোরণে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়।
এ ঘটনায় দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করেছে। অনিরাপদভাবে আতশবাজি ব্যবহার বা দোকানের বাইরে ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশের সব আতশবাজি উৎপাদনকারী প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ নিরাপত্তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
