জব্দ করা তেলবাহী জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

জব্দ করা তেলবাহী জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও সামরিক বাহিনী কর্তৃক চলতি বছরের ৭ জানুয়ারি জব্দ করা একটি তেলবাহী ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুইজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের নভেম্বর থেকে অভিযান চালিয়ে এ পর্যন্ত ভেনেজুয়েলার মোট ৭টি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কোস্টগার্ড। সর্বশেষ জানুয়ারির প্রথম সপ্তাহে এম/টি সোফিয়া নামের একটি সুপারট্যাংকার জব্দ করে মার্কিন নৌবাহিনী কোস্টগার্ড।

সুপারট্যাংকার এই জাহাজটির প্রকৃত মালিক পানামা, তবে সেটি লিজ নিয়েছিল ভেনেজুয়েলা। সেটিই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তবে ঠিক কি কারণে সেটি ফেরত দেওয়া হচ্ছে, বাকি ট্যাংকার জাহাজগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্র কি পরিকল্পনা নিয়েছে— সে ব্যাপারে সেই মার্কিন কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তেলবাহী ট্যাংকার জাহাজটির পাশাপাশি সেই তেলও ফেরত দেওয়া হবে কি না— সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

৭ জানুয়ারি কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের ৩ দিন পর আন্তর্জাতিক জলসীমা থেকে এম/টি সোফিয়াকে জব্দ করে মার্কিন কোস্টগার্ড-নৌবাহিনী। সুপারট্যাংকার জাহাজটি জব্দ করার সময় সেটি অপরিশোধিত তেলে পরিপূর্ণ ছিল।