অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিন্স’ ছবির শুটিংয়ে অংশ নিতে এই সফরে গিয়েছেন তিনি। এর আগে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করলেও, এবারই প্রথম কলকাতার অলিগলিতে পুরোদমে শুটিং করার স্বাদ নিচ্ছেন এ অভিনেত্রী।
শুটিংয়ের ব্যস্ততার মাঝেও কলকাতার সৌন্দর্য এবং শহরের জীবনধারা ফারিণকে মুগ্ধ করেছে। বিশেষ করে হিন্দুস্তান পার্ক এলাকার ক্যাফে কালচার তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। তিনি বলেন, ‘শুটিংয়ের জন্য ঘোরাঘুরি খুব কম হচ্ছে, তবে কলকাতার ক্যাফে কালচারটা খুব ভালো লাগে। ওই রাস্তায় যে পরিমাণ ক্যাফে আছে, মনে হয় এক মাস ঘুরলেও শেষ হবে না।’
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শোবিজের মধ্যে মিল ও অমিল উভয়ই ফারিণের নজরে এসেছে। তিনি জানান, ‘একই ভাষা বলার কারণে আমাদের কালচার, খাওয়া-দাওয়া সবকিছু অনেক মিল। সেন্টিমেন্ট এবং ফ্যামিলি ভ্যালুসেও আমরা একই সুতোয় গাঁথা। তবে অমিল প্যাটার্ন বা নিয়মে, যেমন বাংলাদেশে সিনেমা বা ওটিটি শুটিং দীর্ঘ হয়, আর নাটকগুলো খুব দ্রুত শুট হয়।’
দুই দেশের শিল্পীদের সহযোগিতা প্রসঙ্গে ফারিণ মন্তব্য করেছেন, ‘অবশ্যই হওয়া উচিত। এতে ইন্ডাস্ট্রির পরিসর বৃদ্ধি পাবে, অর্থনৈতিক সুবিধা হবে এবং বড় বড় ছবি তৈরি হবে যা আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছাবে।’
শুটিং, কলকাতার জীবনধারা এবং দুই দেশের শিল্পীদের পারস্পরিক অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে ফারিণ দেখাচ্ছেন কিভাবে সাংস্কৃতিক সংযোগ সিনেমার পরিসরকে আরও বড় করতে পারে।
