জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি মা-হারা বাচ্চা বানরের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে আঁকড়ে ধরে আছে, যেন সেটাই তার মা। এই মধুর দৃশ্য শুধু দর্শকদের নয়, মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুল-কেও গভীরভাবে ছুঁয়ে গেছে।
তবে পিয়া কেবল ভিডিওটি দেখে মুগ্ধ হননি; তিনি অসহায় প্রাণীর কষ্টকে পুঁজি করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘দেখলাম ও একটা নরম খেলনা জড়িয়ে ধরে আছে। সত্যি বলি, ভিডিওটা দেখে খারাপ না লাগা সম্ভব নয়। একটা ছোট্ট প্রাণী শুধু একটু আদর খুঁজছে। কিন্তু অনেক ব্র্যান্ড ওর নাম ট্যাগ করে নিজেদের প্রোডাক্টের সঙ্গে ওর গল্প জুড়ে দিয়েছে। এটা আমার কাছে খুব স্বার্থপর মনে হলো।’
পিয়া আরও বলেন, ‘অসহায় প্রাণীর আবেগকে নিজের লাভের জন্য ব্যবহার করা ঠিক নয়। তিনি বলেন, রমজানে আমরা যখন রোজা রাখি, খিদার কষ্ট অনুভব করি। ভাবুন, রাস্তায় থাকা প্রাণীরা যারা প্রতিদিন না খেয়ে থাকে, তাদের কেমন লাগে।’
তিনি ভক্ত ও অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, ‘দয়া করে একটু মানবিক হই। সম্ভব হলে অসহায় প্রাণীদের জন্য খাবার দিতে পারেন, খেয়াল রাখতে পারেন। রমজান আমাদের শুধু নিজের ইবাদত নয়, অসহায় প্রাণীদের প্রতি দায়িত্বও মনে করিয়ে দিক।’
