টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলেন। ঘরোয়া লিগেও নিয়মিত নন তিনি। খেলছেন না চলমান বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল)। তাই এই সময়ে পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন মুশফিক। তবে ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে হজ শেষে দেশে ফিরতে পারছেন না সাবেক এই অধিনায়ক।
কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। একই দিনে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এমন পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে বিমান চলাচল।
সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। তবে দুবাই যাওয়ার পর সেখান থেকে আবারো সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় ওই ফ্লাইটের সব যাত্রীদের। ফলে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন মুশফিক।
সামাজিক যোগাযোমাধ্যমে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।’
এমন পরিস্থিতিতে কবে দেশে ফিরতে পারবেন তা নিয়ে উদ্বিগ্ন এই ক্রিকেটার, ‘সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।’

