ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান যুগে আইসিটি সব চেয়ে বড় গুরুত্বপূর্ণ সেক্টর। আইটি সেক্টর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী আমাদের নিদের্শনা দিয়েছেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এমনকি হাইস্পিড গাড়িগুলোকে (দুরপাল্লার বাস) ফ্রি ওয়াফাই ব্যবস্থা করার জন্য।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফকির মাহবুব আনাম বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তি খাতে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করবে। পাশাপাশি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে এবং তথ্যপ্রযুক্তি খাতে অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের নিদের্শনা দিয়েছেন তিনটি বড় বড় টেকপার্কে কিভাবে বিনিয়োগ বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি বিদেশ থেকে বিনিয়োগ করার জন্য। আমরা ধাপে ধাপে এগিয়ে যাবো। জনবান্ধব সরকার হতে চাই।
মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন মন্ত্রী। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবীনসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

