সমাজকে আরও উদারপন্থী হতে হবে এবং এ বিষয়ে খোলামেলা আলোচনা জরুরি বলে মনে করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার ভাষায়, রক্ষণশীল পরিচয়ের গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে। আর বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না।
মঙ্গলবার (১০ মার্চ) জাতিসংঘ বাংলাদেশ ও লোকাল কনসালটেটিভ গ্রুপ অন উইমেনস অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটির সহযোগিতায় আয়োজিত ‘তরুণদের অংশগ্রহণে অধিকার, ন্যায়বিচার ও জেন্ডার সমতা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
এবারের নির্বাচনে গত ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি নারীবান্ধব অবস্থান দেখা গেছে বলেও মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, সমাজে ক্রমশ রক্ষণশীল চিন্তাভাবনার বিস্তারও লক্ষ্য করা যাচ্ছে। নারীদের বাস্তব সমস্যার কথা উল্লেখ করে তিনি জানান, তার এলাকায় গার্মেন্টস কারখানায় কর্মরত নারীদের জন্য ডে-কেয়ার সুবিধা চালুর উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে।

