জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন— দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার দশ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব, তার ১২ বছর বয়সী কন্যা খাদিজা ও বেলতলি এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।
স্থানীয়রা জানান— ঈদকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতুতে ভিড় করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে ভেঙে যায় ভাসমান সেতুটি। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। একে একে সকলে সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ থাকে কয়েকজন শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। এসময় স্থানীয়দের সহায়তায় ৪ শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ঈদের দিনে শিশুদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকাজুড়ে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ বলেন, এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে।

