শুটিং থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ২০২৫ সালের সেপ্টেম্বরে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নভেম্বরে সেখানেই এই দম্পতির কোলজুড়ে আসে তাঁদের প্রথম সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা নিজেই বাবা হওয়ার সুখবরটি ভক্তদের জানিয়েছিলেন। নিলয় ও তাসনুভা দম্পতির কন্যাসন্তানের নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ। দীর্ঘ ৭ মাস স্ত্রী-সন্তানসহ প্রবাসে সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।
দেশে ফিরেই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। আসন্ন ঈদ উপলক্ষ্যে নির্মিত নাটক ঘিরেই এখন তাঁর সব ব্যস্ততা। নাটকটি পরিচালনা করছেন নাজমুল রনি এবং এর চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল। যদিও নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে ঢাকার উত্তরায় ইতিমধ্যে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।
পরিচালক নাজমুল রনি বলেন, “নিলয় ভাইয়ের নাটকের আলাদা একটি দর্শকশ্রেণি রয়েছে। আমরা গল্পের মধ্য দিয়ে কমেডির পাশাপাশি একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি। মূলত ঈদে দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন, তেমন প্রেক্ষাপট নিয়েই আমাদের এই নাটকটি নির্মিত হচ্ছে।
এই নাটকে নিলয় আলমগীরের সহশিল্পী হিসেবে থাকছেন নীলাঞ্জনা নীলা। যদিও তাঁদের দুজনকে সচরাচর পর্দায় জুটি হিসেবে খুব একটা দেখা যায় না, তবে এই নতুন সমীকরণ দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হবে।
এদিকে, এই নাটকটির কাজ শেষ করেই অভিনেতা নিলয় আলমগীর টানা আরও দুটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন। সেই নাটক দুটিতে নিলয়ের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমিকে। নিলয়-হিমি জুটি বর্তমানে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় এবং সমাদৃত।
