শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা উদ্ধারসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ড থেকে একটি ফ্লাইটে কলম্বোতে পৌঁছানোর পর তাদের লাগেজ তল্লাশি করে প্রতি ভিক্ষুর কাছ থেকে প্রায় ৫ কেজি করে গাঁজা পাওয়া যায়। মাদকগুলো লাগেজের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন অংশে লুকানো ছিল বলে জানায় কর্তৃপক্ষ।
গ্রেফতার হওয়া ভিক্ষুরা মূলত বিভিন্ন মঠের ছাত্র ছিলেন। জানা যায়, তারা অজ্ঞাত এক দাতার অর্থায়নে চার দিনের সফরে থাইল্যান্ড গিয়েছিলেন। পরে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কলম্বোর উপশহর থেকে আরও একজন ভিক্ষুকে গ্রেফতার করে পুলিশ, যিনি পুরো সফরের আয়োজন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তদন্তে উঠে এসেছে, ওই ভিক্ষু অন্যদের জানিয়েছিলেন লাগেজের প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হচ্ছে এবং একটি ভ্যান সেগুলো সংগ্রহ করবে। শ্রীলঙ্কার মাদকদ্রব্য দমন ব্যুরো জানিয়েছে, আটক ভিক্ষুদের মোবাইল ফোন থেকে থাইল্যান্ডে তাদের সাধারণ পোশাকে ভ্রমণের ছবি ও ভিডিও পাওয়া গেছে।
কর্তৃপক্ষের ধারণা, ভিক্ষুরা হয়তো জানতেন না যে তাদের লাগেজে মাদক লুকানো ছিল। স্কুল সরঞ্জাম ও মিষ্টির ভেতরে গাঁজাগুলো রাখা হয়েছিল বলে জানানো হয়েছে। শ্রীলঙ্কায় বিমানবন্দর দিয়ে মাদক পাচারের অভিযোগে কোনো ভিক্ষু দলের বিরুদ্ধে এটি প্রথম বড় ধরনের গ্রেফতারের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

