কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টারে চড়ে রওনা হন প্রধানমন্ত্রী।
ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করবেন তিনি।তার সফর ঘিরে চট্টগ্রাম ও কক্সবাজারে দলীয়ভাবে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
পরে, দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন তিনি। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
এরপর, বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
পরে, সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। এরপর, রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

