ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। তার দাবি, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও প্রধানমন্ত্রীর পদে থাকার যোগ্য নন। রোববার (১৫ নভেম্বর) নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকট নেতানিয়াহুর বিরুদ্ধে এ মন্তব্য করেন।
জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তিনি এই প্রতিক্রিয়া জানান। খবর আলজাজিরার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরায়েলি গণতন্ত্রের জন্য বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
এর আগে রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানায়, ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের সদস্যদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ করেছিলেন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন। প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের কাছে একটি কথিত গোয়েন্দা সূত্রের তথ্য তুলে ধরেন। ওই ব্যক্তি নেতানিয়াহুর দপ্তরের সাবেক কর্মী ছিলেন।
চ্যানেল ১২ জানায়, ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রা’আমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট কেনার উদ্দেশ্যে ঘুষ দেওয়ার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়।
নির্বাচনের দিনজুড়েও আরব দলগুলোর বিরুদ্ধে প্রচারণা চালান নেতানিয়াহু। দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পাওয়ার পর তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন। তবে পরে কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের সত্যতা না পাওয়ায় গ্রেপ্তার তিনজনকে ছেড়ে দেয় পুলিশ।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি ভোটের দিন পাঁচ ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কাছে। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়।
এ ঘটনায় অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন আইজেনকট। তিনি বলেন, প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। তবে আইজেনকটের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। দলটি তার মন্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘চরম উসকানি’ বলে অভিহিত করেছে।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকার স্বার্থে নির্বাচনের সময় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংস প্রচারণায় উসকানি দিয়েছেন নেতানিয়াহু।
অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ঐক্যের সরকার গঠনে আইজেনকটকে আবারও আহ্বান জানান নেতানিয়াহু। তবে বিরোধীদলীয় নেতা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে একে ‘ধোঁকাবাজি’ বলে আখ্যা দেন।

