ইরানে একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার পর ওই বিস্ফোরণ এবং প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ট্যাংকার বহনকারী গাড়িটির ব্রেক ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানানদাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে। এতে আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
এদিকে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকার বহনকারী গাড়িটির ব্রেক ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ইরানের কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানানদাজের গভর্নর। তিনি আরও জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তবে হতাহত মানুষের সংখ্যা প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর ভয়াবহ বিস্ফোরণ এবং এর জেরে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় সম্পর্কে তারা আর কোনো তথ্য দেননি।
ইরানে জ্বালানি ট্যাংকার ও বাস দুর্ঘটনার ঘটনা নতুন নয়। দেশটির সড়কের খারাপ অবস্থা, পুরোনো যানবাহন এবং ভারী পণ্যবাহী গাড়ির বেশি চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।

