সকালে এসে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ছাড়তে হবে– এমন ধরাবাঁধা নিয়ম ছিল প্রথমে। পরবর্তিত নিয়মে ম্যাচের একদিন আগে মেক্সিকো থেকে দেশটিতে গিয়ে খেলার সুযোগ পায় ইরান। এ ছাড়া ভিসা সংক্রান্ত জটিলতা তো ছিল-ই। এমন রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপ অভিযান শুরু করল ইরান। যেখানে মধ্যপ্রাচ্যের দেশটি দু‘বার পিছিয়ে পড়েও নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
ম্যাচের ৭ মিনিটেই ঘটে অঘটন। ফিফা র্যাংকিং থাকা ৮৫ নম্বর দল নিউজিল্যান্ড এগিয়ে যায় এলিজা জাস্টের গোলে।
ম্যাচের ২৪ মিনিটেই গোল করার একটি দুর্দান্ত সুযোগ হাতছাড়া করে ইরানের ফরোয়ার্ড মেহদি তারেমি। তার পাওয়ার শটটি গোল বারে লেগে ফিরে আসে। তবে, তিনি বলটি পাস করলে গোলের সুযোগ আরও বাড়তো, কারণ তার দুই পাশে দু’জন সতীর্থ ফ্রি ছিলেন।
তবে, এই অ্যাটাকের ঠিক ৮ মিনিট পরই নিউজিল্যান্ডের জালে ইরানের স্ট্রাইক! নিউজিল্যান্ডের বক্সে শট নিয়ে গোল করেন ইরানের ডিফেন্ডার রামিন রেজাইয়ান।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবারও লিড নেয় নিউজিল্যান্ড। এবারের গোলটিও করেছেন এলিজা জাস্ট। তবে, এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। ১০ মিনিটের মধ্যে ম্যাচে সমতায় ফিরে ইরান। ম্যাচের ৬৪ মিনিটে রাইট সাইড দিয়ে রামিন রেজাইয়ানের বাড়ানো বলে মোহাম্মদ মোহেবি জোরালো হেডে বলটি জালে জড়ান।
এরপর আর কোন গোল না হওয়ায় ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

