আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।
এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অন্য যেসব জায়গায় বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে, সেগুলো হলো গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার। তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবির সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা–নজরদারি জোরদার করেছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি- এমন কর্মকাণ্ড প্রতিরোধে তারা কাজ করছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও তারা পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর।

