আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাউজান পৌরসভার আওতাধীন ৫৬টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে পৌরসভার পক্ষ থেকে মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
রোববার (১১ অক্টোবর) রাউজান পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পৌরসভার প্রশাসক অং ছিং মারমার সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব নূর উদ্দিন এবং রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহম্মদ।
সভায় রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন মণ্ডপ কমিটির প্রতিনিধিরা দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নিজ নিজ এলাকার বস্তুনিষ্ঠ মতামত ও নানা পরামর্শ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক অং ছিং মারমা বলেন, “রাউজান সম্প্রীতির এক অনন্য জনপদ। পৌর এলাকায় যে পরিমাণ পূজা উদযাপিত হয়, তা অনেক উপজেলাতেও দেখা যায় না। আশা করছি এবারও সর্বজনীন উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে রাউজান পৌরসভার পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযান, সড়কের বাতি মেরামত ও যানজট নিরসনসহ প্রয়োজনীয় সব ধরনের সেবা জোরদার করা হবে। একই সাথে পূজার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য পরিচালনা কমিটির নেতৃবৃন্দের প্রতি তিনি বিশেষ অনুরোধ জানান।
প্রশাসক আশ্বাস দিয়ে বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পৌরসভা একযোগে সর্বাত্মক কাজ করে যাবে।
উক্ত মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব), সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী, রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাবেক ব্যাংকার বিপ্লব কান্তি দাশ, রাউজান উপজেলা পূজা ফ্রন্টের সম্পাদক প্রণব চৌধুরী মিঠু, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন পালিত বাসু ও পূজা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রুবেল দে।
এছাড়া বিভিন্ন ওয়ার্ডের পূজা কমিটির প্রতিনিধিদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি সেতু বিশ্বাস, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মিঠুন ও সম্পাদক অয়ন দে, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি উল্লাস ধর ও সম্পাদক সন্দীপন সর্ববিদ্যা, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি বিধান দাশ, ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক অভি দাশ এবং ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ডা. নির্মল ভট্টাচার্যসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

