রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয় এলাকার চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।
ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে আছে। রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা, সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। এছাড়া হরিয়ানা স্টেশনে এলাকায় ঈশ্বরদী কমিউটার আটকা পড়েছে।
জানা গেছে, রাবির আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দিনকে টিটি মারধর করেন। ফোরকান পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আসছিলেন। পথে সিরাজগঞ্জে ট্রেনের মধ্যে টিটি সুমন সরকারি রিসিট ছাড়া অর্থ্যাৎ ঘুষ নিয়ে টিকিট না কাটা যাত্রীদের ছেড়ে দেওয়ায় ফোরকান এর প্রতিবাদ করেন।
এই ঘটনার জেরে শিক্ষার্থী ফোরকানকে কয়েকজন মারধর করে। ফরকানের দাবি ট্রেনের দুই ভাগের মাঝখানের অংশে নিয়ে তাকে ধাক্কা দেওয়া হয়। পরে রেল কর্তৃপক্ষকে জানানোর পরও বিষয়টি সমাধান না হওয়ায় আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন।
এছাড়া ঘটনাস্থলে উপস্থিত হন রাবির প্রক্টর মাহাবুবুর রহমান। এসময় তিনি জানান, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এটি সমাধান হবে।
ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকান উদ্দিন বলেন, আমি ঢাকা থেকে রাজশাহীতে আসছিলাম। পথে সিরাজগঞ্জ এলাকায় বিনা টিকিটে যাত্রীদের থেকে টিটি টাকা নিচ্ছিল। বিষয়টি প্রতিবাদ করায় আমাকে দুই ভাগের মাঝখানের জায়গায় নিয়ে গিয়ে মারধর করা হয়। আমি আক্রমণের ও হত্যা চেষ্টার শিকার হয়েছি।
তিনি বলেন, আমরা স্থায়ী বহিষ্কার, রাষ্ট্রকে জরিমানা, ভুক্তভোগীর ক্ষতিপূরণসহ চার দফা দাবি দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে রেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে।

