প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের দুর্গাপূজা মণ্ডপে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি।
মণ্ডপ সাজানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা ও অতিথিদের অভ্যর্থনার আয়োজন ঘিরে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। প্রধানমন্ত্রী সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেবেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিমানবন্দর থেকে তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন। তার আগমন উপলক্ষ্যে মণ্ডপ এলাকায় নির্মাণ করা হয়েছে বিভিন্ন ব্যানার ও স্বাগত তোরণ। অতিথিদের স্বাগত জানানো এবং দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি।

