দেশের বিচারব্যবস্থাকে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন এক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন রাজশাহীর তরুণ উদ্ভাবক নাহিদ আলম। ‘লেক্সগ্লোবাল বিডি’ (LexGlobal BD) নামের এই প্ল্যাটফর্মটি দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল আইনি সেবা কেন্দ্র হিসেবে দাবি করা হচ্ছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
আইনি জটিলতা নিরসন, আইনজীবীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সাধারণ নাগরিকদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সম্প্রতি আথেরিওস ল্যাবস-এর প্রতিষ্ঠাতা নাহিদ আলম এই উদ্ভাবনী প্রকল্পের বিস্তারিত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মেধার লড়াইয়ে শ্রেষ্ঠত্ব
নাহিদ আলম রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। ২০২৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ফিয়েস্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট ও ডুয়েটের মতো নামী প্রতিষ্ঠানের প্রতিযোগীদের পেছনে ফেলে এই উদ্ভাবনের জন্য শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন তিনি। নাহিদ বলেন, “প্রযুক্তি হওয়া উচিত সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রধান হাতিয়ার। আইনি জটিলতায় সাধারণ মানুষের ভোগান্তি দেখেই আমি এই ডিজিটাল সমাধান নিয়ে কাজ শুরু করি।”
কী থাকছে এই প্ল্যাটফর্মে?
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ‘লেক্সগ্লোবাল বিডি’ মূলত তিনটি স্তরে কাজ করবে:
-
নাগরিক সেবা ও নিরাপত্তা: অ্যাপটিতে রয়েছে বিশেষ ‘এসওএস জেসচার’ (SOS Gestures)। নির্জন পথে কোনো নারী বা শিক্ষার্থী বিপদে পড়লে স্ক্রিনে স্পর্শের মাধ্যমেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিজের অবস্থান ও সাহায্য বার্তা পাঠাতে পারবেন। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মামলার ধরন অনুযায়ী উপযুক্ত আইনজীবী খুঁজে নেওয়া এবং মামলার সম্ভাব্য ফলাফল সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।
-
আইনজীবীদের জন্য আধুনিকতা: আইনজীবীদের জন্য এতে রয়েছে ‘স্মার্ট ক্লায়েন্ট ম্যাচিং’ ও ‘ইনস্ট্যান্ট ড্রাফটিং’ সুবিধা। এর মাধ্যমে দীর্ঘ সময়ের আইনি নথিপত্র তৈরির কাজ কয়েক সেকেন্ডে সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট ও ফাইল ম্যানেজমেন্টের সুবিধাও থাকছে।
-
শিক্ষার্থীদের ডিজিটাল লাইব্রেরি: আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য এই অ্যাপটি একটি চলমান মহাফেজখানা হিসেবে কাজ করবে। এখানে দেশের সব আইনি নথিপত্র এবং আইনের ধারার সহজ ব্যাখ্যা পাওয়া যাবে।
আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা
সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের মতে, এই প্ল্যাটফর্মটি কার্যকর হলে আইনি অঙ্গনে দালালদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা আনতে রাজশাহীর এই তরুণের উদ্ভাবন একটি মাইলফলক হয়ে থাকবে। মে মাসের প্রথম সপ্তাহ থেকেই সাধারণ গ্রাহকেরা এই সেবা ব্যবহার করতে পারবেন।

