শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে কাজ করবে সরকার বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধান করা হবে এবং শিক্ষকদের জীবনমান ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও সরকার কাজ করবে। পাশাপাশি শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষা প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান কাঠামোকে আরও সমৃদ্ধ করে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের রিডিং ও রাইটিং দক্ষতার বিদ্যমান ঘাটতি দূর করা সম্ভব হয়।

